আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।
শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।
উপজেলাগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষকরা সহজে কৃষি উপকরণ, ঋণ ও অন্যান্য সুবিধা পাবেন বলে আশা করছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হচ্ছে। সফলতা পেলে পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে জেলা প্রশাসন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন