টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের আলতাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১২ লাখ টাকা ও ১৬ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আলতাব হোসেন জানান, দুপুরে তার পুত্রবধূ মারিয়া বাড়িতে একা ছিলেন। দুপুরের দিকে রান্নাঘর থেকে বসতঘরে ফিরে তিনি চার-পাঁচজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। তারা জানায়, আলতাব হোসেনের কাছে তাদের কাজ আছে। এ সময় মারিয়া পাশের বাড়িতে খবর দিতে চাইলে ডাকাতরা পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। তিনি দৌড়ে টয়লেটে গিয়ে লুকিয়ে পড়েন এবং সেখান থেকেই পাশের বাড়িতে ফোন করে ডাকাতের খবর দেন।
ডাকাতরা গুলির ভয় দেখালে মারিয়া বেরিয়ে আসেন। পরে তারা তাকে মারধর করে কম্বল চাপা দিয়ে বিছানায় ফেলে রাখে। এরপর ঘর তল্লাশি করে ১২ লাখ নগদ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
পরে পাশের বাড়ির লোকজন এসে মারিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী বলছেন, দিনদুপুরে এ ধরনের ডাকাতি ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন তারা।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন