আইআরজিসি কুদস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কোনো ধরনের অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করবে। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি আরও বলেন, মানবতার শত্রুদের প্রতিরোধ করতে সমন্বিত ফ্রন্ট পুরো অঞ্চলে শক্তিশালী ও কার্যকর অবস্থান বজায় রেখে অপেক্ষা করছে।
ইসমাইল কানি ওই পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনব্যবস্থা যেন মনে রাখে, তারা কীভাবে ইয়েমেন, বাব-এল-মান্দেব ও লোহিত সাগর থেকে খালি হাতে ফিরে গিয়েছিল। এবারও তারা কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালি অবরোধ এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে কর প্রদানকারী জাহাজগুলোকে বাধা দেওয়ার ঘোষণা দেন। এমন ঘোষণার পরেই ইসমাইল কানি এ মন্তব্য করেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়ে বলেছে, এই পদক্ষেপ শুধুমাত্র ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইরানে না যাওয়া আন্তর্জাতিক জাহাজগুলো প্রণালিতে অবাধে চলাচল করতে পারবে বলেও জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (১৪ এপ্রিল) থেকে ইরানি বন্দরের ওপর অবরোধ কার্যকর শুরু হবে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের এই মন্তব্য ও মার্কিন অবরোধের ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন