মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প লিখেছেন, ‘আমি সদ্য লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকাল (বৃহস্পতিবার) ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’
ট্রাম্প জানান, ৩৪ বছর পর প্রথমবারের মতো মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।
স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাম্প।
পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটিই হবে আমার দশম—চলুন, এটি সম্পন্ন করি।’
উল্লেখ্য, সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমান্ত উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গোলাবর্ষণ ও বিমান হামলায় বহু প্রাণহানি ঘটে। এই যুদ্ধবিরতি সেই সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এখন পর্যন্ত লেবানন ও ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক মহলে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন