মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার তিল্লীর চর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলম (১৬) ও একই গ্রামের কালু মিয়া (১৬)। আহত হয়েছেন সোনা মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় তিন আরোহীসহ একটি মোটরসাইকেল তিল্লীর চর থেকে দড়গ্রামের দিকে যাচ্ছিল। উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের কাছে পৌঁছালে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেল চালক সোনা মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পেছনে থাকা আলম ও কালু মিয়া ট্রাকের চাকায় চাপা পড়েন। ঘটনাস্থলেই আলম নিহত হন। কালু মিয়াকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত সোনা মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
এলাকাবাসী জানান, সরু সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারালেই এই ধরনের ঘটনা ঘটে বলে তারা মন্তব্য করেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন