দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ থালাপতি বিজয়। রোববার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হবে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কার্যালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) সবচেয়ে বেশি ১০৮টি আসন পায়। বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১১৮। শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন আটকে ছিল ১১৬ আসনে। আজ বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। দুই দলের দুটি করে মোট চারটি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।
সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ার পর আজ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। সেখানে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দেন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তে টিভিকে সদর দপ্তরে উৎসবের আমেজ তৈরি হয়। সমর্থকদের উদ্দেশে থালাপতি বলেন, ‘উল্লাস শুরু করো।’
ভিসিকের সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়। থালাপতি বিজয় যেহেতু দুটি আসনে জিতেছেন, তাই ফলাফলের গেজেট প্রকাশের পর ১৪ দিনের মধ্যে তাঁকে একটি আসন ছাড়তে হবে।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে। শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তাঁর নির্ধারিত কেরালা সফর বাতিল করেছেন বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন