ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। হামলায় আহত বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাদকের টাকার জন্য অনলাইনে সংগ্রহ করা ছুরি দিয়ে ঘরের মধ্যে নিজের মাকে আঘাত করে ছেলে রাফি (২২)। এ সময় পাশের রুম থেকে মাকে বাঁচাতে বোন মিথিলা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। পরে তাদের বাঁচাতে বাইরে থেকে বাবা মোস্তফা ভূঁইয়া ছুটে এলে তিন জনকেই ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে সে।
এরপর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাকী আক্তার (৫৫) মৃত্যুবরণ করেন। সদ্য প্রবাস ফেরত আহত মোস্তফা ভূঁইয়া (৬৫) ও আলিম শিক্ষার্থী মিথিলা ভূঁইয়াকে (১৮) ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
ঘাতক রাফি পলাতক থাকলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে রাতেই গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন