চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য খাইয়ে অটোরিকশাচালক আইয়ুব আলীকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মো. জামাল ওরফে গালকাটা জামাল (৫২) এবং মো. আব্দুল জব্বার (৩১)।
পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে বেলা ১১টার দিকে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের অটোরিকশার মালিক আলী আহাম্মদ বাদী হয়ে গত ৬ মে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক দ্রব্য প্রয়োগ ও চুরির অভিযোগে মামলা করেন। পুলিশ জানায়, মামলাটি ছিল ক্লুলেস। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তার জামাল আন্তঃজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় চেতনানাশক প্রয়োগ করে অটোরিকশা ছিনতাই ও হত্যার একাধিক মামলা রয়েছে।
নিহত আইয়ুব আলীর ছোট ছেলে মো. শাহেদ বলেন, ‘আমার বাবাকে এভাবে হত্যা করা হয়েছে, তা আমরা প্রথমে বুঝতে পারিনি। চিকিৎসকরা বলেছিলেন তাকে কিছু খাইয়ে অচেতন করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়। আমি দুই আসামির শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করছি।’
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, ‘ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।’

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন