ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) রাতে অবসরগামী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়নি। সে সময় পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পান। বৃহস্পতিবার তার চাকরির মেয়াদ শেষ হয়। চাকরি জীবনের শেষ দিনে তিনি অবসরকালীন ছুটিতে যান।
নিয়মানুযায়ী, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম ডিএমপির নতুন ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের এই কর্মকর্তাকে ‘নীরব কিন্তু অত্যন্ত কার্যকর একজন সংগঠক’ হিসেবে বর্ণনা করেছেন সংশ্লিষ্টরা। গত বছরের আগস্টের পর পুলিশ বাহিনীকে পুনরায় সংগঠিত ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে তার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
প্রশাসনিক বিশ্লেষকদের মতে, তাঁর এই দায়িত্ব গ্রহণ শুধু একটি প্রশাসনিক পদায়ন নয়, বরং অভিজ্ঞতা, সংকট মোকাবিলার সক্ষমতা এবং মানবিক নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার বার্তা বহন করে। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।
বিষয় : ঢাকার খবর ডিএমপি রাজধানীর সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন