সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মাধ্যমেই ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করছেন। ১০ জিলহজ সকালে হাজিরা মিনায় পৌঁছে বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে সাতটি কঙ্কর নিক্ষেপ শুরু করেন।
পুরো জামারা এলাকাটি ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নাহ অনুসরণে করা এই প্রতীকী আমলের মাধ্যমে মুসল্লিরা শয়তানের কুমন্ত্রণা এবং অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পর কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করা হয়। যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফারমেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি এবং প্রশান্তির আবহ।
কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুণ্ডন বা চুল ছোট করার মধ্য দিয়ে আল্লাহর মেহমানরা ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরে আসতে পেয়ে হাজিদের চোখে মুখে স্বস্তি, তৃপ্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে। পাশাপাশি, একই দিনে সৌদি আরবজুড়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে।
আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা। হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও ইহরাম মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বিশ্বের অন্য দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। সবার প্রতি জানাই ঈদের শুভেচ্ছা।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন