জামালপুরের মাদারগঞ্জে কিশোরী রূপসী আক্তার (১৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আল জিহাদ রাকিব (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল জিহাদ রাকিব উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ গ্রামের আল মামুনের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৮ আগস্ট মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কালাবাগা গ্রামের আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘরের ভেতর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। রূপসী উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে রূপসীকে নিয়ে গিয়ে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত রূপসীর হাতে মেহেদি দিয়ে ‘রাকিব’ নাম লেখা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই রাকিবকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন