নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদলের নিরাপত্তায় এনওয়াইপিডি, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস ও ফেডারেল সংস্থাগুলো কাজ করছে
নিউইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানান, ইরানি প্রতিনিধিদলের অন্য কর্মকর্তাদের নিরাপত্তা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
পেজেশকিয়ানসহ ইরানি প্রতিনিধিদলের সদস্যদের নিরাপত্তায় ফেডারেল নিরাপত্তা সংস্থাগুলোকে সহায়তা করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরো। এর সঙ্গে রয়েছেন এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তা, ডিটেকটিভ এবং হাইওয়ে প্যাট্রোলের সদস্যরা।
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে দেশটির প্রেসিডেন্টদের নেতৃত্বেই জাতিসংঘে ইরানি প্রতিনিধিদল অংশ নিয়েছে; পেজেশকিয়ানের আগে ছিলেন ইব্রাহিম রাইসি।
তবে এবারের পরিস্থিতি আলাদা। যে দেশের সঙ্গে ইরানের এখনও যুদ্ধ চলছে, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানি প্রতিনিধিদলের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর প্রেক্ষাপটে নজিরবিহীন বলে উল্লেখ করেছে সিএনএন।
বিষয় : জাতিসংঘ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন