ঢাকা: শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে টমাস ডুলির শিষ্যরা শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ।
বাংলাদেশের জার্সিতে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরার উপলক্ষটা দারুণভাবে রাঙালেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি গোলও পেয়েছেন। লাল-সবুজ জার্সিতে এটি হামজার পঞ্চম গোল। হামজার গোলের আগে বাংলাদেশের হয়ে স্কোরশিট খোলেন শমিত সোম। দুই প্রবাসী ফুটবলারের গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
প্রথমার্ধে ১০টি শটের তিনটি লক্ষ্যে রাখে টমাস ডুলির শিষ্যরা। বিপরীতে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি শ্রীলঙ্কা।
বিরতির পর অবিশ্বাস্য এক গোল করেন ফারহান আলী ওয়াহিদ। ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দেশের জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন ফারহান।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে অষ্টম মিনিটে স্বাগতিক সমর্থকদের উদযাপনের উপলক্ষ এনে দেন শমিত সোম। কানাডি প্রবাসী এ ফুটবলারের গোলে লিড নেয় বাংলাদেশ। ডান দিক থেকে হামজা চৌধুরীর বাড়ানো বল প্রথমে ফিস্ট করে ফেরান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে শমিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। ফিরতি বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন শমিত।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসে বল পান তিনি। লঙ্কান ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে নেন শট; সুজন পেরেরার গায়ে লেগে বল জড়ায় জালে।
বিরতির পর তিনজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে থেকে বল পেয়েছিলেন তিনি। এরপর বাঁ দিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। সেখান থেকে নিজেই শট করে বল জালে জড়িয়েছেন। শ্রীলঙ্কার ফুটবলাররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন তার দিকে।
শেষ দিকে রাকিব হোসেনও একটি গোল করেন। বক্সের বেশ খানিকটা বাইরে বল পাওয়ার পর তিনি দৌড়ে পেছনে ফেলেন একজনকে। এরপর তার সামনে ছিলেন শুধু গোলকিপার সুজন পেরেরা। চিপ করে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়েছেন রাকিব।
২০২৫ সালের ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজার। এরপর ২০ মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন ১১ ম্যাচ। অল্প সময়েই হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার প্রতীক। আজ হামজার ক্যারিয়ারে যুক্ত হয় আরও দুটি নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো খেলতে নামেন সাফ চ্যাম্পিয়নশিপে। শুধু তাই নয়, অভিষেকটা স্মরণীয় করে রাখতে তার হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ডও।
বড় হারে বাদ পড়ে গেছে শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ, রানার্সআপ হয়ে সেমিফাইনালে যাচ্ছে ভুটান। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন