ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
গণবার্তা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৭২ ঘণ্টা পরও শূন্যরেখায় ৯ জন।

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার ৭২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ওই ৯ জনকে ফেরত নেয়নি বিএসএফ। ফলে তারা এখনও দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিরোধে অংশ নেন। এতে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি।ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পুশইনের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার দাবি তোলে। তবে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায় বলে বিজিবি সূত্র জানিয়েছে।বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। মানবিক দিক বিবেচনায় তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ বাড়ছে, যা সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বিষয়টির দ্রুত সমাধান এবং আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।এদিকে, বিজিবি জানিয়েছে যে, বিষয়টির শান্তিপূর্ণ সমাধান এবং শূন্যরেখায় অবস্থানরত ৯ জনকে ফেরত নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৭২ ঘণ্টা পরও শূন্যরেখায় ৯ জন।