ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬
গণবার্তা

ফতুল্লায় তিতাসের সাঁড়াশি অভিযান: ৪০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা।

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় বিশাল পরিসরে গড়া অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তীব্র অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০০ আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বাণিজ্যিক ওয়াশিং কারখানার সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্নসহ নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ফতুল্লার সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানী নগর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাব্বানী নগর এলাকার একটি চক্র তিতাসের মূল লাইন থেকে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে আসছিল। এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত।অভিযান চলাকালে ওই এলাকার দেড় শতাধিক বাড়ির প্রায় ৪০০টি চুলার অবৈধ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়। তিতাসের কারিগরি দল মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল সংখ্যক অবৈধ পাইপলাইন তুলে নেয় এবং রেগুলেটরসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে। আবাসিক এলাকার অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত জালকুঁড়ি এলাকায় অবস্থিত ‘নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট’ নামে একটি শিল্প কারখানায় পরিদর্শনে যান। সেখানে দেখা যায়, এর আগেও অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানাটির সংযোগ কাটা হলেও তারা পুনরায় তিতাসের লাইন থেকে অবৈধভাবে সংযোগ চালু করেছে।আইন অমান্য করে দ্বিতীয়বার গ্যাস চুরির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ তাৎক্ষণিকভাবে কারখানাটির গ্যাস সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করে দেন এবং প্রতিষ্ঠানের মালিক পক্ষকে নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।অভিযান অব্যাহত রাখার ঘোষণা-অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ জোনের সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং একই সাথে এলাকায় যেকোনো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নারায়ণগঞ্জের প্রতিটি কোণ থেকে গ্যাস চুরির সিন্ডিকেট নির্মূল না হওয়া পর্যন্ত এমন ঝটিকা ও সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফতুল্লায় তিতাসের সাঁড়াশি অভিযান: ৪০০ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন, ওয়াশিং কারখানাকে জরিমানা।