বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার খেলবে বাংলাদেশ, খেলবেন আশরাফুল-রিয়াদরা
সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ রিয়াদরা এই টুর্নামেন্টে খেলবেন ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ দলে। বাংলাদেশের অন্তর্ভুক্তিতে টুর্নামেন্টে দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা খেলতে চাইলে তাদের জন্য দরজা খোলা বলে জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম।তিনি বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’টুর্নামেন্টে খেলা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারব।’আশরাফুল যেহেতু জাতীয় দলের কোচ, টুর্নামেন্টের সময় বাংলাদেশের সিরিজ থাকলে কী করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসলে যদি ওই সময় বাংলাদেশের খেলা থাকে, তখন অবশ্যই ওভাবে চিন্তা করব। যেহেতু এই টুর্নামেন্টটা সাত দিন ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি গত বছরও ছিলাম। ওই সময় যদি বাংলাদেশের খেলা থাকে, বিসিবি যদি অনুমতি দেয়, তাহলে খেলতে পারব।’বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি জানান, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে দেশের সমর্থকদের যোগাযোগ আরও বাড়াবে এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।