শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি আজ বাংলাদেশ
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে নিজেদের যাচাইয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ারা মুখোমুখি হবেন স্বাগতিকদের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।লাল-সবুজের প্রতিনিধিরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কারণ প্রতিপক্ষ ভিয়েতনাম বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১০৩তম স্থানে। বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে তারা। বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮১তম। এটি চলতি বছরে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল টুর্নামেন্ট আসিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ভিয়েতনাম। এশিয়ান ফুটবলের এই শক্তিশালী দলটি তিনবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে। সম্প্রতি তারা আন্তর্জাতিক ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে এবং নেপালকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচকে সামনে রেখে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটাই হবে দলের জন্য বড় অভিজ্ঞতা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করার এটাই সেরা সুযোগ।আজকের ম্যাচটি নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এর আগে ২০০২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ২০০১ সালে দাম্মামে দুই দলের দেখা হয়েছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল।এই প্রীতি ম্যাচের পর ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কাবরেরার শিষ্যরা চাইবেন ভিয়েতনামের বিপক্ষে ভালো পারফরম্যান্সের মাধ্যমে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সেরে নিতে।ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ দল গতকালই হ্যানয়ে পৌঁছেছে। ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী সরাসরি হ্যানয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। কোচ কাবরেরা আশা করছেন, ভিয়েতনামের মাঠে দল প্রতিরোধের মানসিকতা নিয়ে খেলবে এবং সিঙ্গাপুর ম্যাচের আগে আত্মবিশ্বাস অর্জন করবে।