ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
গণবার্তা

দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গ উত্তাল, সংঘর্ষ-ইভিএম বিতর্ক

কলকাতা, ২৯ এপ্রিল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া—এই সাত জেলায় ভোটগ্রহণ চলছে। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেও সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষ, ইভিএম বিভ্রাট ও মারধরের খবর পাওয়া গেছে। সবার নজর এখন ভবানীপুরে, যেখানে মুখোমুখি লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর।সকাল থেকেই হালকা বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রগুলোতে লম্বা লাইন দেখা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত গড় ভোট পড়েছে ৪০ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে গলসিতে—৪৭ দশমিক ৮৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ মন্তেশ্বরে ৪৬ দশমিক ৮৩ শতাংশ। সবচেয়ে কম ভোট মহেশতলায় ৩৩ দশমিক ৫ শতাংশ। ভবানীপুরে ভোটের হার ৩৭ দশমিক ২৭ শতাংশ এবং ভাঙড়ে ৩৪ দশমিক ২৮ শতাংশ।ভোটগ্রহণ শুরুর পরই সামাজিক মাধ্যমে ‘রেকর্ড সংখ্যক ভোটদানের’ আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের আহ্বান জানান। রাজ্যের মহিলা ও যুব সম্প্রদায়কে বিশেষ আবেদন করেন মোদি। কেন্দ্রীয় স্বরামন্ত্রী অমিত শাহও রেকর্ড ভোটদানের আবেদন করে লেখেন, ‘আপনার একটি ভোট বাংলার গৌরবকে পুনরায় ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে মহিলাদের সুরক্ষাকে নিশ্চিত করবে।’তবে ভোটের মাঠ উত্তাল রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তিনি ভবানীপুর কেন্দ্রের একের পর এক বুথ ঘুরে দেখছেন পরিস্থিতি। এ সময় ভবানীপুরে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারিও। মমতা নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘এরা বাইরে থেকে আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের টার্গেট করে আক্রমণ চালাচ্ছে। কোনো কাজ করছে না, শুধু ভোটারদের ভয় দেখাচ্ছে, সন্ত্রাস ছড়াচ্ছে। বিজেপির তালে নাচছেন পুলিশ পর্যবেক্ষকরা।’মমতা আরও বলেন, ‘সারারাত আমি জেগে থেকে সব খবর নিয়েছি। মনে রাখতে হবে, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।’অন্যদিকে শুভেন্দু অধিকারী মমতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এসব হতাশার বহিঃপ্রকাশ। নির্বাচন কমিশন বাংলার ভোটের পরিবেশ বদলে দিয়েছে। সকাল থেকে একাধিক বুথে ঘুরলাম। ভোটারদের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখছি। সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।’ইভিএম বিতর্ক ও সহিংসতার ঘটনাদ্বিতীয় দফার ভোটে সবচেয়ে আলোচিত ঘটনা ফলতা বিধানসভা কেন্দ্রের। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা অভিযোগ করেছেন, ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের ওপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে নির্বাচন কমিশন অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চায়।এ ছাড়া একাধিক জায়গায় সংঘর্ষ ও হামলার খবর পাওয়া গেছে:চাপড়া (নদিয়া): বিজেপি এজেন্ট মোশারফ মীর মারধরের শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, এক ডজনের বেশি তৃণমূল কর্মী বন্দুক ও রড দিয়ে তাকে আঘাত করেছে। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বিজেপি প্রার্থী সৈকত সরকার জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে তৃণমূল এই হামলার দায় অস্বীকার করেছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘটনার তদন্তের কথা জানান।বাসন্তী (দক্ষিণ ২৪ পরগনা): বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বুথ পরিদর্শনে গেলে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।এন্টালি: বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রতিনিধিকে একটি ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে তিনি ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।চাপড়া, শান্তিপুর ও ভাঙড়: সকালেই এসব এলাকায় সহিংসতা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থাগুলো এসব ঘটনার বিবরণ দিয়েছে।দ্বিতীয় দফার সাত জেলার মধ্যে গত নির্বাচনে চারটিতে বিজেপির কোনো আসন ছিল না। এবার সেই জেলাগুলোতে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া হয়ে লড়ছে বিজেপি। আর তৃণমূল ফেরাতে চায় আগের ধাক্কা। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের ফলাফলের দিকে সবার চোখ। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে তাঁর হার মানে হবে দলের জন্য বড় ধাক্কা। অন্যদিকে শুভেন্দু অধিকারীর জয় তাঁকে বাংলায় বিজেপির মুখ হিসেবে আরও মজবুত করবে।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চালাতে অধিকতর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম বিতর্কের ঘটনা ঘটেছে, সেগুলোতে বাড়তি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গ উত্তাল, সংঘর্ষ-ইভিএম বিতর্ক