আমরা মাথা নত করব না, অস্ত্র ত্যাগ করব না: হিজবুল্লাহ প্রধান
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। তিনি বলেছেন, তারা মাথা নত করবেন না এবং অস্ত্র ত্যাগ করবেন না। নাইম কাসেম বলেন, ত্যাগ অনেক বড়, কিন্তু এগুলো হচ্ছে মুক্তি ও জীবন রক্ষার মূল্য, যা লেবাননের জনগণ তাদের সম্মানজনক প্রতিরোধের মাধ্যমে বহন করেছে। তাদের সামনে দুটি পথ খোলা ছিল: মুক্তি ও গর্ব, অথবা দখল ও অপমান।তিনি বলেন, তারা লেবানন ও তার জনগণের জন্য আত্মরক্ষামূলক প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। তিনি মার্চের আগের অবস্থায় ফিরে যাবেন না বলে জানিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসনের জবাব দেবেন এবং এর মোকাবিলা করবেন। শত্রু যা-ই হুমকি দিক না কেন, তারা পিছু হটবেন না, মাথা নত করবেন না এবং পরাজিত হবেন না। কাসেম আরও বলেন যে তাদের শক্তি অক্ষয় এবং তিনি অঙ্গীকার করেন যে, ইসরায়েল লেবাননে থাকতে পারবে না এবং তাদের জনগণ অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে দক্ষিণ সীমান্তের শেষ ইঞ্চি পর্যন্ত নিজ ভূমিতে ফিরে যাবে।এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করেন। পরে আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কর্মী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কামান ও বিমান হামলা চালিয়েছে। তারা আরও জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক আইডিএফ সৈন্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে তিনটি ড্রোন পাঠিয়েছিল, যা সীমান্ত অতিক্রম করার আগেই ইসরায়েলি বিমানবাহিনী প্রতিহত করেছে।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং গত বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতি বাড়ানো হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।