বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, সিইসির হস্তক্ষেপ কামনা
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গুরুতর অনিয়মের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) হস্তক্ষেপ কামনা করেছে দলটি।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।ভোট শুরুর আগেই স্বাক্ষর নেওয়ার অভিযোগগোলাম পরওয়ার বলেন, সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অনিয়মের তথ্য পাচ্ছেন তারা। তার অভিযোগ, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই প্রিসাইডিং কর্মকর্তারা এজেন্টদের কাছ থেকে ফলাফলের শিটে স্বাক্ষর নিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ ও গণনা শেষে এই স্বাক্ষর নেওয়ার কথা।জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগগোলাম পরওয়ার আরও দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে এবং জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে শেরপুরের কয়েকটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা চালিয়ে হামলা করেছে এবং ভোটারদের, বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।পুনরায় ভোট আয়োজনের দাবিএ পরিস্থিতিতে যেসব কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে, সেগুলোর ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোট আয়োজনের দাবি জানায় জামায়াত। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই দলীয় নেতা।গোলাম পরওয়ার বলেন, ‘চলমান পরিস্থিতিতে ভোট অব্যাহত থাকলে ভোটারদের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না এবং জনগণ এমন ফলাফল মেনে নেবে না।’ তবে তারা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে পূর্বে ভোট স্থগিত থাকায় সেখানে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।