গোয়ালন্দে পদ্মায় ধরা পরলো বিরাট দুই কাতলা, বিক্রি ৯১ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকারের দুটি কাতলা মাছ। সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের এই মাছ দুটি উন্মুক্ত নিলামে মোট ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রজব আলী মন্ডল ও আনু খাঁর আড়ত থেকে মাছ দুটি ক্রয় করেন সম্রাট শাহজাহান শেখ নামে এক মাছ ব্যবসায়ী।সাড়ে ২৮ কেজি ওজনের কাতলাটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। এতে এর মূল্য দাঁড়ায় ৬২ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ১৮ কেজির মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয় ২৮ হাজার ৮০০ টাকায়। দুই মাছ মিলে মোট বিক্রি হয় ৯১ হাজার ৫০০ টাকা।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। শুক্রবার সকালে জাল তোলার সময় তারা দুটি বিশাল কাতলা মাছ পান। পরে সেগুলো দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট মাছ বাজারে আনা হয়। ওজন শেষে নিলামে তোলা হয়।ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি নিলামে মাছ দুটি কিনেছেন এবং এখন সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে বিক্রির চেষ্টা করছেন।গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এটি এলাকার জন্য ইতিবাচক সংবাদ, কারণ এখনো পদ্মায় বড় কাতলা ও অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে।