ফিলিস্তিনিদের খামার থেকে রাতের আঁধারে ভেড়ার পাল চুরি করছে দখলদার অবৈধ ইসরাইলিরা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার থেকে রাতের আঁধারে ভেড়ার পাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধারণ হওয়া এক ভিডিওতে দেখা গেছে, খামার থেকে ভেড়া নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলিরা। অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করেই এ ধরনের ঘটনা ঘটছে। সকালে শুন্য খোঁয়াড় দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ফিলিস্তিনি বাসিন্দা সামিহা রাশিদ।সামিহা রাশিদ বলেন, ‘কোরবানির এই মৌসুমে ভেড়া বিক্রি করে আমাদের সারা বছরের রুজি হতো। এখন আমাদের নিজেদের কোরবানি দেওয়ার মতোও কিছু নেই, বাজারে বেচে দুটো পয়সা আয় করার মতোও একটা ছাগল-ভেড়াও অবশিষ্ট নেই।’পরিকল্পিতভাবেই চলছে ফিলিস্তিনিদের গবাদি পশু চুরি। চলতি বছরেই ফিলিস্তিনিদের প্রায় ৪ হাজারেরও বেশি গবাদি পশু চুরি করেছে এই ইসরায়েলি দখলদাররা। যার ফলে খামারিদের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৫০ লাখ ডলারেরও বেশি।অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ক্রমেই বাড়ছে। সেখানে শুধু গবাদি পশু চুরির ঘটনাই নয়, ফিলিস্তিনি শিশুদের ওপর পিপার স্প্রে ব্যবহার এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এর ফলে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা প্রকাশ্য সন্ত্রাসের রূপ নিয়েছে।পশ্চিম তীরে ফিলিস্তিনি খামারিদের কাছ থেকে ভেড়া চুরির এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর এড়াচ্ছে না। কোরবানির মৌসুমে এভাবে ভেড়া হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধের প্রভাব পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এসব সহিংসতা বন্ধ করা।