চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুনো শুকরের আক্রমণে আহত ৪
ভারতীয় বুনো শুকরের হামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিনাদপুর ও শ্যামপুর ইউনিয়নের কামাত গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, হাদিনগর গ্রামের নাসির উদ্দিন বিনাদপুর বাজার থেকে ঘাস নিয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ বুনো শূকরটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে বিনাদপুর ইউনিয়নের এক বাগানে আমের স্প্রে করতে গিয়েও শুকরের আক্রমণের শিকার হন আরও তিনজন শ্রমিক। আহতরা হলেন কামাত গ্রামের জনি, ডালিম ও মুলি।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণীটির চেহারায় বিড়ালের মতো কিছু বৈশিষ্ট্য ছিল। এটি ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। আক্রমণের পর গ্রামবাসী ধাওয়া করলেও তা দ্রুত পালিয়ে যায় এবং পরে আর খোঁজ মেলেনি।শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, সীমান্তবর্তী এলাকায় বুনো শূকর প্রায়ই ফসলি জমিতে আক্রমণ চালায়, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সন্ধ্যার পর অন্ধকার ঘনালে এরা বাংলাদেশে ঢুকে আবার ভোর হওয়ার আগেই ভারতের জঙ্গলে ফিরে যায়। কৃষকরা রাত জেগে জমি পাহারা দিচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শঙ্কামুক্ত বলে জানান তিনি।