গণবার্তা

মুসলিম ভোটারদের ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলেন’ মমতা: ওয়াইসি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বেড়ে উঠতে সাহায্য করেছেন এবং মুসলিম ভোটারদের ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলার’ নীতি গ্রহণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাউদ্দিন ওয়াইসি।মুসলিম ভোট ভাগ করে বিজেপির ‘বি টিম’ হিসেবে কাজ করার অভিযোগ প্রায়ই শুনতে হয় ওয়াইসিকে। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদ্রোহী নেতা হুমায়ুন কবীরকে সমর্থন দেওয়া নিয়েও একই ধরনের অভিযোগের মুখে পড়েছেন তিনি।ওয়াইসি বলেন, ‘আরজেডির (রাষ্ট্রীয় জনতা দল) সঙ্গে জোট করে বিহারে রাজ্যসভার একটি আসন পাওয়ার আশায় বসে আমরা আমাদের পাপ ধুয়ে ফেলিনি। আসল কলঙ্ক তো উল্টো দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় বিজেপির ভিত শক্ত করছেন; ১৯৭৭ সালে বিজেপির মাত্র চারজন বিধায়ক ছিল।’তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের গালিগালাজ করছে, প্রশ্ন তুলছে—আপনারা কেন নির্বাচনে লড়ছেন? অথচ কেউ কি বুঝিয়ে বলবে, যখন আট লাখ মুসলিমকে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল (ডিপোর্ট), তখন তারা কোথায় ছিল? এখন আমরা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি বলে আমাদের গালি দেওয়া হচ্ছে।’মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সমালোচনা করে তিনি বলেন, ‘তৃণমূল কি ১৯৯৮ এবং ১৯৯৯ সালে বিজেপির প্রথম সংসদীয় জয়ে সহায়তা করেনি? এরপর আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) রেলমন্ত্রী হলেন, পরে জর্জ ফার্নান্দেজ সাহেবের অজুহাতে জোট ভাঙলেন। তারপর আপনি আবার দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে ক্যাবিনেটে যোগ দিয়েছিলেন—আর সেটা ঠিক তখনই করেছিলেন যখন গোটা দেশ গুজরাট দাঙ্গার দিকে আঙুল তুলছিল। আর এখন আপনি আমার দিকে আঙুল তুলছেন।’মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ওয়াইসি। তিনি বলেন, ‘আপনি কেন স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেন না? আপনি মুসলিমদের গবাদি পশুর মতো ব্যবহার করেন—ভোটের জন্য তাদের দুধ দোহন করেন এবং কাজ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেন।’হুমায়ুন কবীরের সঙ্গে সম্পর্কের বিষয়ে ওয়াইসির গলায় স্পষ্ট তিক্ততা। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন হুমায়ুন দাবি করছেন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। বলা যেতে পারে, তিনি আমাকে মজনুর মতো ফেলে চলে গেছেন।’গত সপ্তাহে একটি স্টিং ভিডিও প্রকাশের পর আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দেন ওয়াইসি। ওই ভিডিওতে দলটির প্রধান হুমায়ুন কবীরকে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের কথা বলতে শোনা গেছে বলে অভিযোগ। তবে হুমায়ুন কবীর ভিডিওটিকে এআই-জেনারেটেড বলে উড়িয়ে দিয়েছেন।ওয়াইসি জানিয়েছেন, তিনি এখন থেকে স্বতন্ত্রভাবে লড়াই করবেন এবং ভবিষ্যতে কোনো দলের সঙ্গে জোটে যাবেন না। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং আসানসোল মিলিয়ে বাংলার মোট ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে তাঁর দলের। ২০২১ সালে তারা ৬টি আসনে লড়ে ৫ শতাংশের কম ভোট পেয়েছিল।সূত্র: এনডিটিভি, আল জাজিরা।

মুসলিম ভোটারদের ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলেন’ মমতা: ওয়াইসি