প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আর সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তার ছেলে মির্জা শেহরিয়ার বাসিত। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে তিনি এ তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসকদের পরামর্শে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
মির্জা শেহরিয়ার বাসিত বলেন, "আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকরা বলেছেন, এখন সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজন নেই। এভারকেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলবে।"
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
প্রধানমন্ত্রীর এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
গতকাল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়মিতই রাখছিলেন। তিনি চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া চালিয়ে যাচ্ছেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন