ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর আরাদে আহতের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়। এই ঘটনাকে ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বিশ্বনেতাদের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২২ মার্চ) ইসরাইলের দক্ষিণাঞ্চলের ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলার পর ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বিশ্বনেতাদের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, কিছু দেশ ইতিমধ্যে এই দিকে এগোচ্ছে। নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনে বলেছেন, ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপের গভীর পর্যন্ত আঘাত হানার সক্ষমতা রয়েছে।
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামোতে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল অবকাঠামো ‘অপরিবর্তনীয়ভাবে ধ্বংস’ করে দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, এতে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বেড়ে যাবে।
ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামোতে ‘ভারী ক্ষয়ক্ষতি’ হয়েছে। তিনি জানান, হামলায় কয়েক ডজন পানি পরিবহন ও শোধনাগার টার্গেট করা হয়েছে এবং পানি সরবরাহ নেটওয়ার্কের বেশ কয়েকটি অংশ ধ্বংস হয়েছে। মেরামতের কাজ চলছে।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েলের দিকে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯২ শতাংশই প্রতিহত করা হয়েছে। অন্যদিকে বাহরাইন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ১৪৫টি ক্ষেপণাস্ত্র ও ২৪৬টি ড্রোন প্রতিহত করেছে।
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। সৌদি আরব জানিয়েছে, তারা পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইরানের বিরুদ্ধে সব উপসাগরীয় দেশকে দায়ী করার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই ইরানের ‘স্পষ্ট ও বিশ্বাসঘাতক হামলার’ নিন্দা জানিয়েছেন।
লেবানন সীমান্তে সংঘর্ষ চলছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, লিতানি নদীর ওপর হিজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত সব সেতু ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলের উত্তরাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটি লেবানন থেকে হামলায় প্রথম ইসরায়েলি নাগরিকের মৃত্যু।
ব্রিটেনের হাউজিং সেক্রেটারি স্টিভ রিড জানিয়েছেন, হরমুজ প্রণালি খোলার জন্য ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সম্পর্কে তিনি কিছু বলতে চান না। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের পক্ষে কথা বলতে সম্পূর্ণ সক্ষম। আমরা যুদ্ধে টানা হব না, তবে অঞ্চলে আমাদের স্বার্থ রক্ষা করব।’

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন