হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ঢাকার নবাবগঞ্জের আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দোহার সার্কলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমিনুর শাহ নামের এক ব্যক্তি ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে মঙ্গলবার সকালে তাকে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আমিনুর শাহ নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকার চান মিয়া বয়াতির ছেলে। গত রবিবার তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নবীকে অবমাননা করে কটূক্তিমূলক পোস্ট দেন। পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়। পোস্টটি স্কিনশর্ট করে নানা ধরনের মন্তব্য লিখে আমিনুর শাহের শাস্তি চেয়ে বিভিন্ন মহল থেকে পোস্ট করতে থাকে। বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এরপর সোমবার রাত ৯টার দিকে আমিনুর শাহের নিজ বাড়িতে জনতা ঘেরাও করে। পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করলে জনতা ফিরে যায়। পরে মঙ্গলবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ থানায় তার নামে মামলা রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলাউদ্দিন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন