পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে এখন জমে উঠেছে কোরবানির প্রস্তুতি। কোথাও বিশাল আকৃতির গরু, কোথাও বিদেশি জাতের পশু—সব মিলিয়ে দর্শনার্থীদের ভিড়ও দিন দিন বাড়ছে। সম্প্রতি ভাইরাল ট্রাম্প ও নেতানিয়াহু মহিষের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অদ্ভুত বৈশিষ্ট্যের ‘নরেন্দ্র মোদি মহিষ’।
মহিষটির নামের চেয়েও অস্বাভাবিক লম্বা সাদা দাড়ি ও ভিন্ন রকম চেহারার কারণে এটি বেশি আলোচনায় এসেছে। বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে স্থানীয় একটি খামারে।
সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। ‘মোদি মহিষ’কে একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
খামার সূত্রে জানা যায়, শুরুতে মহিষটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয় মজার আলোচনা। অনেকেই এর লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। পরে মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে নাম রাখা হয় ‘মোদি’।
কোরবানির ঈদ সামনে রেখে এই মহিষকে দেখাতে জেলাজুড়ে শুরু হয়েছে হইচই। প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারা ও চুলের মিল থাকায় ভাইরাল হয় একটি মহিষ। এরই ধারাবাহিকতায় আলোচনায় আসে ‘নেতানিয়াহু’ মহিষ। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘নরেন্দ্র মোদি মহিষ’।
এদিকে ঈদুল আজহা ঘিরে এমন ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন খামারিরা। তারা জানান, তাদের আগ্রহ থেকেই এসব নাম দিয়ে থাকেন। এটি তাদের নিজস্ব বিষয়।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে। কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব পালন করবে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন