মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তথ্যপ্রযুক্তি ও শ্রমবাজারসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্কের বিষয়টি স্মরণ করেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজারসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’
তারেক রহমান জানান, রোহিঙ্গা ইস্যুতে সংকট বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। মিয়ানমারে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাবাসন না হওয়ায় এই সংকট ক্রমশ জটিল আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা মালয়েশিয়ার মতো একটি প্রভাবশালী মুসলিম দেশের সহযোগিতা প্রত্যাশা করি। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়াতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক।’ সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি খাতের পাশাপাশি পর্যটন ও কৃষি খাতেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আমরা সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী। শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরও বেশি সুযোগ সৃষ্টি করতে চাই।’
সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। মধ্যহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথাও রয়েছে, যা বাণিজ্য, প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মালয়েশিয়ার রাজা ও জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন