রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব বলেছেন, কারো ভেতর যদি সত্যনিষ্ঠতা না থাকে, সত্যিকার অর্থে তাকওয়া না থাকে, তাহলে তার ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টায় তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ডান, বাম, মধ্য কোনোটাতেই এলার্জি নেই। স্বাচ্ছন্দ্যে মিশেছি সবার সঙ্গে। কিছু জিনিস শিখেছি। ভাল-মন্দ বাছবিচার না করেই বলছি। সবচেয়ে কঠিন ধর্মভিত্তিক রাজনীতি। একটা মোরাল হাই-গ্রাউন্ড ধরে রাখতে হয়। এটা যে কারো কাজ না। না পারলে, ধর্ম নষ্ট হয়, দল নষ্ট হয়, দেশ নষ্ট হয়।
তিনি বাম রাজনীতি নিয়ে লিখেন, এরপর কঠিন বাম রাজনীতি। প্রগতিশীলতা মুখের কথা নয়। ছোট মন নিয়ে প্রগতিশীলতা হয় না। কুয়ার ব্যাং প্রগতিশীলতা হয় না। প্রতিক্রিয়াশীল হয়। তিনি আরও লিখেন, মধ্যপন্থি রাজনীতি তুলনামূলক সহজ। যদিও ভারসাম্য রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। প্রায়ই পারে না।
ধর্মভিত্তিক রাজনীতিবিদদের সতর্ক করে তিনি লিখেন, কারো ভেতর যদি সত্যনিষ্ঠতা না থাকে, সত্যিকার অর্থে তাকওয়া না থাকে, তাহলে তার ধর্মভিত্তিক রাজনীতি থেকে শত হাত দূরে থাকাই ভালো। দিন শেষে পোষাবে না।
তিনি আরও বলেন, রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি মূল্যবোধ ও আদর্শেরও লড়াই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে সেখানে আন্তরিকতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। তার মতে, যারা ধর্মের নামে রাজনীতি করেন কিন্তু নিজের মধ্যে নৈতিকতা ও সত্যনিষ্ঠতা রাখেন না, তারা শেষ পর্যন্ত নিজেরাও ক্ষতিগ্রস্ত হন এবং সমাজকেও পথভ্রষ্ট করেন।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন