সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ জুন এবং ২৩ জুলাই এই চুরি সংঘটিত হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন চোর মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন মালামাল চুরি করে। চুরির বিষয়ে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
রোববার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও প্রসেসর, র্যাম, প্রিন্টার, কাপ, পিরিচ, ফ্লাক্সসহ আরও কিছু মালামাল চুরি হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে গেল সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। জিডিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভবনের রুমের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। গত ১৪ জুন এবং ২৩ জুলাই সংঘটিত চুরির ঘটনায় রোববার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, চুরি হওয়া কম্পিউটারের হার্ডডিস্কগুলোতে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ও নথি সংরক্ষিত ছিল, যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। ঘটনার তীব্রতা বিবেচনা করে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি চুরির কারণ, দায়ীদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে করণীয় নির্ধারণ করবে। পুলিশও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরের পরিচয় শনাক্তে কাজ করছে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন