আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই। তবে তাদের সঙ্গে যাচ্ছেন আরও তিন অতিরিক্ত ক্রিকেটার।
স্পিনার নাইম হাসানসহ দুই পেসার ইকবাল হোসেন ইমন এবং মুশফিক হাসান আছেন অতিরিক্ত তালিকায়। আরব আমিরাতে টেস্ট ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচের বাড়তি চাপ সামলাতেই অতিরিক্ত ৩ ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এশিয়ান গেমসে দল যাচ্ছে, সেখানে ছয়জন ক্রিকেটার আছে এই দল (আফগানিস্তান টেস্ট) থেকে। সে জন্য আমরা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নাইম হাসান, মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইবনকে পাঠাচ্ছি। তারা দলের সঙ্গে যাবে, ট্রাভেল করবে এবং সেখানে অনুশীলন করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের টেস্ট দলে থাকা ছয়জন ক্রিকেটার এশিয়ান গেমসে খেলতে যাবেন। তবে আফগানিস্তান সিরিজের আগে দলের যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেখানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তে রিজার্ভ খেলোয়াড়েরা যোগ দেবেন।’
দলে ফিরলেন হৃদয় ও জাকের
সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড থেকে এসেছে একাধিক পরিবর্তন। টেস্ট দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এতে প্রত্যাশিতভাবেই দলে এসেছেন হৃদয়।
এছাড়া জাকের আলী অনিকও সুযোগ পেয়েছেন। জাকের দক্ষিণ আফ্রিকায় ৯৪ রান করার আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিলেট ও রাজশাহীতে পরপর তিন ইনিংসে তিনটি ফিফটি পেয়েছিলেন।
বাদ পড়লেন তাসকিন-অমিত
বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অমিত হাসান ও তাসকিন আহমেদ। তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, অমিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে থাকলেও এবার তাকে আফগানিস্তান নেওয়া হচ্ছে না। ফলে তার অভিষেকের অপেক্ষা আরও বাড়লো। এছাড়া পুনর্বাসন থেকে সুস্থতার পথে থাকা নাহিদ রানাকেও রাখা হয়নি এই টেস্টে। তার ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
বাংলাদেশের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
অতিরিক্ত: নাইম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন