ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনার পর ছোট ভাই স্ত্রীসহ পলাতক রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজান পাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজো ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মাজহারুল তার বড় ভাই এনামুল হককে প্রায়ই হত্যার হুমকি দিত। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সর্বশেষ শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে জলপাই গাছে এনামুল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ত্রিশাল থানার এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ত্রিশাল থানার এসআই আল আমিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এনামুল হকের ছোট ভাই মাজহারুল ইসলাম ও মাজহারুলের স্ত্রী পলাতক রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন