গাইবান্ধা: নেশার টাকা জোগাতে গাইবান্ধায় ১১ মাসের এক শিশু সন্তানকে বিক্রি করার ঘটনা ঘটেছে। প্রায় দুই মাস তিন দিন পর রোববার (২০ সেপ্টেম্বর) শিশুটিকে উদ্ধার করা হয়েছে। গাইবান্ধা গোয়েন্দা পুলিশ শিশুটিকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ ধানঘরা গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম নেশার টাকার জন্য নিজের ১১ মাসের শিশু সন্তানকে ২ মাস ৩ দিন আগে বাড়ি থেকে নিয়ে সটকে পড়েন। পরে শিশু সন্তান উদ্ধারে স্ত্রী রোমানা আক্তার আদালতের কাছে আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই শিশুকে উদ্ধারের জন্য ১৪ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানা পুলিশকে নির্দেশ দেন।
এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দৈনিক যুগান্তর অনলাইনে ১৫ সেপ্টেম্বর ও দৈনিক যুগান্তর পত্রিকায় ১৬ সেপ্টেম্বর খবর ছাপা হলে প্রশাসন নড়ে-চড়ে বসে। পরে অভিযান চালিয়ে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া নামক গ্রামের সোলেমান চৌকিদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু বিক্রির সঙ্গে জড়িত শিশুর পিতা হামিদুল ইসলাম, আব্দুল মজিদ ও মোরশেদাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ রোববার রাত সাড়ে নয়টার দিকে শিশুটিকে উদ্ধার করে তার মা রোমানা আক্তারের কোলে তুলে দেন। এ ব্যাপারে গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন