নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বনেতাদের সাথে তিনি এই বৈশ্বিক মঞ্চে অংশ নেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটিই তার প্রথম অংশগ্রহণ।
নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই প্রাতরাশের আয়োজন করেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে এ প্রাতরাশের আয়োজন করা হয়।
প্রাতরাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্য দিয়ে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। এবারের অধিবেশনে যোগ দিতে তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।
বিষয় : জাতিসংঘ প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন