নিউইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ শক্তি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ উঠে আসে। এছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’ সম্মেলন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে আয়োজিতব্য ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে’ অংশগ্রহণের জন্য তুরস্ককে আমন্ত্রণ জানান।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন