গণবার্তা

উখিয়ার পাহাড়ে যৌথ অভিযানে ১ হাজার রোহিঙ্গা আটক

উখিয়ার পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে প্রায় এক হাজার রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন। রোববার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে মরাগাছতলা এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের বাসা ভাড়া নিয়ে বসবাস করা রোহিঙ্গাদের আটক করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মনজু বিন আফনান জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী পালংখালী থেকে কুতুপালং পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা ক্যাম্পের বাইরে স্থানীয়দের সহায়তায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয় এবং আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্পের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে বাইরে ভাড়া বাসায় থাকতে শুরু করেছিলেন। স্থানীয় বাসিন্দারাও মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছিলেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

উখিয়ার পাহাড়ে যৌথ অভিযানে ১ হাজার রোহিঙ্গা আটক