বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের এক সিনিয়র নেতা জানান, এটি নিয়মিত বা পূর্বনির্ধারিত বৈঠক নয়। তাই নির্দিষ্ট কোনো এজেন্ডা ঘোষণা করা হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এ বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। শোক কাটিয়ে দলটি এখন সাংগঠনিকভাবে নতুন পর্যায়ে প্রবেশ করছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় দলকে পূর্ণাঙ্গ নেতৃত্বের অধীনে আনার বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করার পরামর্শ দিয়েছেন।
গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন