অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশায় ফিরতে হলো বাংলাদেশকে। বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ থাকার পর ডিএলএস পদ্ধতিতে নতুন লক্ষ্য নির্ধারণ করা হলে ভারতের বিপক্ষে ১৮ রানের ব্যবধানে হেরে গেছে জুনিয়র টাইগাররা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারেই অলআউট হয়ে তোলে ২৩৮ রান। জবাবে বাংলাদেশ ইনিংস শুরুর পরই বৃষ্টির হানায় দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে দুই দলের এক ওভার করে কেটে নেওয়া হয়। শেষ পর্যন্ত ২৯ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬৫ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাওয়াদ আবরারের (৫) উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে এরপর রিফাত বেগ ও আজিজুল হাকিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচে বাংলাদেশকে ফিরিয়ে আনেন তারা। ৩৭ রান করে রিফাত আউট হলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি ৭২ বল মোকাবিলা করে করেন সর্বোচ্চ ৫১ রান।
এরপর আবারও বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়। পুনরায় শুরু হলে নতুন লক্ষ্য অনুযায়ী জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপ সামলাতে পারেননি ব্যাটাররা। নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় দলটি। কালাম সিদ্দিকি ও রিজান হাসান করেন ১৫ রান করে।
ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করেন বিহান মালহোত্রা। মাত্র ১৪ রান খরচায় তিনি শিকার করেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
এর আগে ভারতের ইনিংসে অভিজ্ঞান কুন্ডু করেন ৮০ রান এবং বৈভব সূর্যবংশী যোগ করেন ৭২ রান। বাংলাদেশের হয়ে একাই ঝলক দেখান আল ফাহাদ, যিনি পাঁচ উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত জয়ের খুব কাছে গিয়েও ডিএলএস নিয়মের ফাঁদে পড়ে ম্যাচটি হাতছাড়া হয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের।

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন