আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে। জোটের শরিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্তে জোট থেকে সরে যাওয়ায় অবশিষ্ট আসন নিয়ে পুনরায় আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জোট সূত্র জানায়, সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দিচ্ছে। শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি আসনে নির্বাচন করছে। এ ছাড়া এলডিপি ৭টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলামী ২টি আসনে প্রার্থী দেবে। এখনো ৪৭টি আসন চূড়ান্ত হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় শরিক দলগুলো নিজেদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে। তবে জামায়াত এখনো ইসলামী আন্দোলনের চূড়ান্ত অবস্থানের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
এদিকে এনসিপি সমঝোতা পাওয়া ৩০টি আসনের মধ্যে ইতোমধ্যে ২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনসিপির ঘোষিত ২৭ আসন ও প্রার্থী
ঢাকা-১১ নাহিদ ইসলাম, পঞ্চগড়-১ সারজিস আলম, কুমিল্লা-৪ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসুদ, দিনাজপুর-৫ ডা. আহাদ আলী, রংপুর-৪ আখতার হোসেন, নাটোর-৩ এস এম জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৬ এস এম সাইফ মোস্তাফিজ, কুড়িগ্রাম-২ আতিকুর রহমান মোজাহিদ, পিরোজপুর-৩ মো. শামীম হামিদী, ময়মনসিংহ-১১ জাহিদুল ইসলাম, ঢাকা-৯ জাবেদ রাসিন, ঢাকা-১৯ দিলশানা পারুল, ঢাকা-২০ নাবিলা তাসনিদ, টাঙ্গাইল-৩ সাইফুল্লাহ হায়দার, বান্দরবান আবু সাঈদ সুজা উদ্দিন, ঢাকা-১৮ আরিফুল ইসলাম আদিব, গাজীপুর-২ আলী নাছের খান, ঢাকা-৮ নাসির উদ্দিন পাটওয়ারি, নরসিংদী-২ সারোয়ার তুষার, লক্ষ্মীপুর-১ মো. মাহবুব আলম, চট্টগ্রাম-৮ জোবায়রুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা আশরাফ মাহাদি, নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, মুন্সীগঞ্জ-২ মাজেদুল ইসলাম, নোয়াখালী-২ সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আতাউল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিসের ২০ আসন
ঢাকা-১৩ মাওলানা মামুনুল হক, শরীয়তপুর-১ মাওলানা জালালুদ্দিন, মাদারীপুর-২ মাওলানা আব্দুস সোবাহান, ফরিদপুর-২ মাওলানা আকরাম আলী, মাদারীপুর-১ মাওলানা হানজালা, চাঁদপুর-১ মাওলানা আনিসুর রহমান, চট্টগ্রাম-৫ মাওলানা নাসির উদ্দিন মুনির, ব্রাহ্মণবাড়িয়া-৫ মাওলানা আমজাদ আশরাফি, কিশোরগঞ্জ-৬ মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ মুফতি মোহাম্মদ উল্লাহ, গাজীপুর-৩ মাওলানা এহসানুল হক, নরসিংদী-৩ মাওলানা রাকিবুল ইসলাম, মৌলভীবাজার-৪ মাওলানা নূরে আলম হামিদি, সুনামগঞ্জ-৩ মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, নেত্রকোণা-১ মোহাম্মদ গোলাম রব্বানী, সিরাজগঞ্জ-৩ মাওলানা আব্দুর রউফ, রাঙ্গামাটি-১ মাওলানা আবু বকর সিদ্দিক, গোপালগঞ্জ-২ মুফতি শুয়াইব ইব্রাহিম ও মানিকগঞ্জ-৩ মুফতি সাইদ নূর।
খেলাফত মজলিসের ১০ আসন
হবিগঞ্জ-২ মাওলানা আব্দুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৪ ড. আহমদ আব্দুল কাদের, সিলেট-২ মো. মুনতাসীর আলী, সিলেট-৫ মুফতি আবুল হাসান, নারায়ণগঞ্জ-৫ এবিএম সিরাজুল মামুন, মানিকগঞ্জ-২ শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কুমিল্লা-৭ মাওলানা সোলাইমান খান, চট্টগ্রাম-১৩ মাওলানা ইমরান ইসলামাবাদ, কিশোরগঞ্জ-১ মাওলানা আহমদ আলী কাসেমী।
এবি পার্টির ৩ আসন
ফেনী-২ মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং পটুয়াখালী-১ ডা. আব্দুল ওহাব মিনার।
এলডিপির ৭ আসন
ভোলা-২ মোকফর উদ্দিন চৌধুরী, ময়মনসিংহ-৮ অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, ময়মনসিংহ-১০ সৈয়দ মাহমুদ মোরশেদ, চাঁদপুর-২ মো. বিল্লাল মিয়াজি, চট্টগ্রাম-১২ এম ইয়াকুব আলী এবং চট্টগ্রাম-১৪ অধ্যাপক ওমর ফারুক।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াতসহ ১০ দলীয় জোট। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এবং বাকি ৩২টি আসনে অন্যদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন