বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল ক্ষমতায় এলে যুবকদের বেকার ভাতা দেওয়া হবে না; বরং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বেকার ভাতা দিলে তা বেকার তৈরির কারখানায় পরিণত হতে পারে, তাই যুবসমাজকে দক্ষ করে জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি ইপিজেড স্থাপন, মরা নদীগুলো পুনরুজ্জীবিত করা এবং নদী সচল হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের অবদান জাতির জন্য স্মরণীয়। তার স্বপ্নের একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। একই সঙ্গে দেশের দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন ও চাঁদাবাজি থেকে মুক্তির জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গাইবান্ধা-৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ জোটের বিভিন্ন প্রার্থী ও নেতৃবৃন্দ।

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন