টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। শুটিং করতে গিয়ে নৌকা থেকে জলে পড়ে তলিয়ে যান তিনি। রোববার (২৯ মার্চ) দিঘার তালসারি সৈকতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন কলাকুশলীরা। সকাল থেকেই সেখানে শুটিং চলছিল। অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানাসহ পুরো টিম ছিলেন সেখানে।
সূত্র জানায়, রাহুলের শুটিং ছিল পরে। বাকি অভিনেতারা তাদের শট দিয়ে যখন তালসারি ছেড়ে চলে যান, তখন রাহুলের নৌকাবিহারের একটি শট বাকি ছিল।
একটি নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান রাহুল। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। শট দেওয়ার সময়ই হঠাৎ জলে পড়ে তলিয়ে যান এই অভিনেতা।
প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। তারপর দ্রুত দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা রাহুলকে মৃত ঘোষণা করেন।
ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তিনটেয় প্যাকআপ হয়ে গেলে তিনি সেখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরই জানতে পারেন, জলে ডুবে গিয়েছেন রাহুল।
আধঘণ্টা পর খবর পান রাহুলের মৃত্যু হয়েছে। ভাস্করের দাবি, কোনো নেশাজাতীয় দ্রব্য সেবনের ঘটনা ঘটেনি। এটি সম্পূর্ণ দুর্ঘটনা বলে মনে করছেন তিনি।
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মধ্য দিয়ে টলিউডে বড় পর্দায় পা রাখেন রাহুল। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড ইন্ডাস্ট্রিতে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন