শোবিজের আলো ছেড়ে অনেক দিন নিজের জীবনকে নতুন করে সাজানোর পথে হেঁটেছেন তিনি। এবার সেই পথেরই আরেকটি মোড়। সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা সংসার জীবনে পা রাখলেন। বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন ভক্ত-অনুসারীদের।
সম্প্রতি এক ছবি পোস্ট করে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ ছবিতে অবশ্য স্বামীর মুখ দেখা যায়নি। তাঁর পরিচয়ও গোপন রেখেছেন লুবাবা। আর তাতেই কৌতূহল বেড়েছে নেটিজেনদের।
গত কিছুদিন ধরেই লুবাবার জীবনযাত্রায় বদল টের পাচ্ছিলেন অনেকে। চেনা গ্ল্যামার থেকে নিজেকে সরিয়ে নিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা জানিয়েছিলেন তিনি। সম্প্রতি এক পোস্টে ভক্তদের সঙ্গে নিজের আধ্যাত্মিক উপলব্ধির কথাও ভাগ করে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতাতেই এল বিয়ের খবর।
শোবিজ ছেড়ে নতুন পথে পা বাড়ানো লুবাবাকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টের ঝড় উঠেছে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে দোয়া করেছেন, প্রশংসা করছেন এই সাহসী পদক্ষেপের। গ্ল্যামার, বাণিজ্যিক সাফল্য ছেড়ে নিজের বিশ্বাস আর আত্মশুদ্ধির পথে হাঁটা—এই সিদ্ধান্ত অনেকের কাছেই এখন অনুপ্রেরণা।
বিষয় : শোবিজের বিয়ে সিমরিন লুবাবা

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন