বিসিএস লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর সাফল্য অনেকাংশেই নির্ভর করে সুনির্দিষ্ট, পরিকল্পিত ও ধারাবাহিক প্রস্তুতির ওপর। অভিজ্ঞ পরীক্ষার্থীদের মতে, শুধু পড়াশোনা নয়—সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং সময় ব্যবস্থাপনাই লিখিত পরীক্ষায় এগিয়ে রাখে প্রার্থীদের।
৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও মেধাক্রম ৪ অর্জনকারী মো. জাহিদ হাসান নাইম তাঁর অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এই শিক্ষার্থী বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল ও পরামর্শ তুলে ধরেছেন।
নিয়মিত ইংরেজি সংবাদপত্র (দ্য ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, টিবিএস) পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শব্দভাণ্ডার ও বাক্য গঠনের দক্ষতা বাড়ে, পাশাপাশি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির তথ্যও পাওয়া যায়।
প্রতিদিন অন্তত একটি নির্দিষ্ট বিষয়ের ওপর এক পৃষ্ঠা ইংরেজি লেখা অনুশীলন করতে হবে। অনুবাদ অনুশীলনের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদ বেশি কার্যকর। ব্যাকরণগত নির্ভুলতা লেখার মান ও নম্বর উভয়ই বৃদ্ধি করে। একটি বড় প্যাসেজকে এক-তৃতীয়াংশে সংক্ষেপে উপস্থাপনের নিয়মিত অনুশীলনও জরুরি।
প্রস্তুতির জন্য ‘বেসিক ভিউ’, ‘দ্য অ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স’ বই দুটি কার্যকর। পাশাপাশি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় ও বিশ্লেষণ পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রতিটি টপিকে সর্বশেষ তথ্য, চার্ট ও প্রাসঙ্গিক ডেটা সংযোজন করতে হবে। শিক্ষা, কৃষি, অর্থনীতি, নারী উন্নয়ন, দুর্নীতি ও মেগা প্রকল্প—প্রতিটি বিষয়ের আলাদা নোট তৈরি রাখা জরুরি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, বৈদেশিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য সংকট ও জলবায়ু কূটনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।
বাংলাদেশ ও আন্তর্জাতিক ভূগোলভিত্তিক বিষয়ে মানচিত্র অঙ্কনের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে বাংলাদেশের ভূপ্রকৃতি, নদ-নদী, কৃষি অঞ্চল, প্রাকৃতিক সম্পদ, ইপিজেড ও রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান জানতে হবে। দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক বাণিজ্যিক রুট, মধ্যপ্রাচ্য ও হরমুজ, বাব-এল-মান্দেব প্রণালির অবস্থান চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে।
সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করে উত্তর লিখলে তা বেশি গ্রহণযোগ্য হয়। আন্তর্জাতিক সংস্থা (জাতিসংঘ, ডব্লিউটিও, ডব্লিউএইচও) ও বৈশ্বিক চুক্তি (সিওপি) সম্পর্কে আপডেট থাকা জরুরি। সময় ধরে পয়েন্ট আকারে লেখার অনুশীলন করতে হবে। তথ্যের উৎস (বিবিএস, ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউএইচও) উল্লেখ করলে উত্তর আরও পেশাদার হয়।
বিশেষজ্ঞদের মতে, বিসিএস লিখিত পরীক্ষায় সাফল্যের মূলমন্ত্র হলো নিয়মিত অনুশীলন, বিশ্লেষণধর্মী চিন্তা এবং সঠিক কৌশল অনুসরণ। সুশৃঙ্খল প্রস্তুতি ও ধারাবাহিক অধ্যবসায়ই একজন প্রার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন