সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে মাহতাব হোসেন হৃদয় নামে ৫ বছরের এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেন সরদারের ছেলে।
নিহত হৃদয়ের বাবা ফারুক হোসেন জানান, প্রতিবেশী হামেদ আলী সরদার তার বাড়ির গোয়াল ঘেঁষে টয়লেট নির্মাণের জন্য মাটি ফেলতে গেলে তিনি নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে হামেদের পক্ষ নিয়ে তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার লাঠি-সোটা ও চাপাতি নিয়ে এগিয়ে এলে ফারুক সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় হামেদ চাপাতি দিয়ে কোপ দিলে ফারুকের কোলে থাকা শিশু হৃদয়ের মাথা ও হাতে আঘাত লাগে। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন