জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের সময় সংঘটিত দমন-পীড়নের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছেন, সে কারণে তাদের দায়মুক্তি দেওয়া প্রয়োজন। এজন্য আইন প্রণয়ন সময়োপযোগী ও জরুরি।
তিনি উল্লেখ করেন, এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। অতীতে আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর জনঅধিকৃত সরকার পতনের পর এ ধরনের আইন প্রণয়নের নজির রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনি ভিত্তি রয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, এসব সাংবিধানিক ও আন্তর্জাতিক নজিরের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে সেটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পোস্টের শেষে আসিফ নজরুল বলেন, “জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন