রংপুরের পীরগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রোকেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে মারপিট করে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন চাচাতো ভাই মমিনুল ইসলামসহ পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন—আবুল কাশেম মিয়ার স্ত্রী মমেনা বেগম (৬৩) ও তাঁর মেয়ে সাহেনা বেগম (৩৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা উপজেলার কিসামত ছাওলা গ্রামের রোকেয়া বেগম পুকুরে গোসল করতে যান। এ সময় একই গ্রামের আতিয়ার রহমানের বাড়ির সামনে তাঁর পথ আটকানো হয়। অভিযুক্ত মমিনুল ইসলাম, আতিয়ার রহমানসহ তাদের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বাড়ির আঙিনায় নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারধর করে বাম পায়ের গোড়ালি ও হাঁটুর মাঝের অংশের রগ কেটে দেয়।
আহত অবস্থায় রোকেয়াকে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রোকেয়ার ছোট ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগাছা থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী আতিয়ার রহমান ও মমিনুল ইসলাম পরিবারের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে রোকেয়াকে পুকুরে গোসল করতে যাওয়ার সময় পথরোধ করে হত্যা করা হয়।
পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, ঘটনার পর পরই দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন