যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ চলাকালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীকে তৎক্ষণাৎ আটক করেছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ওয়াশিংটনের জন্য এক অদ্ভুত সন্ধ্যা বলে অভিহিত করেছেন। ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও প্রশাসনের সব সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, গুলি চালানোর সন্দেহভাজন ব্যক্তি হলেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং জনসমক্ষে গুলি চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হচ্ছে। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং অভিযুক্তের ক্যালিফোর্নিয়ার বাসভবনে তল্লাশি চালানো হচ্ছে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। সিক্রেট সার্ভিস এবং এফবিআইয়ের যৌথ তদন্তে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি কোনো সাধারণ অপরাধী ছিলেন না, তিনি অস্ত্রে সজ্জিত ছিলেন। তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ধারালো ছুরি পাওয়া গেছে। চেকপয়েন্ট অতিক্রম করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এই সংঘর্ষে সিক্রেট সার্ভিসের ইউনিফর্ম পরিহিত একজন অফিসার গুলিবিদ্ধ হয়েছেন, তবে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় বড় ধরনের বিপদ থেকে তিনি বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানান, রাত ৮টা ৩৬ মিনিটে এই ঘটনা ঘটে। একজন বন্দুকধারী হোটেলের নিরাপত্তাবলয় ভেঙে লবিতে প্রবেশের চেষ্টা করলে সিক্রেট সার্ভিস এজেন্টদের তাৎক্ষণিক তৎপরতায় তাকে প্রতিহত করা সম্ভব হয়। মেয়র নিশ্চিত করেছেন, হামলাকারী বন্দুকধারী নিজেও আহত হয়েছে এবং বর্তমানে তাকে কড়া পাহারায় হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। হামলাকারীকে অসুস্থ ব্যক্তি হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মানসিকভাবে কিছুটা আঘাত পেয়েছেন বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবেন না তারা। স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই বার্ষিক ডিনারটি হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়। সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া জগতের অনেক তারকাও এতে উপস্থিত ছিলেন। সূত্র: এপি, বিবিসি, আলজাজিরা।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন