‘জুলাই সনদের পরিপন্থী’ ও ‘সংস্কারবিরোধী’—বিরোধীদের এমন রাজনৈতিক অপপ্রচার মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মাসজুড়ে ধারাবাহিকভাবে নেতাকর্মীরা তৃণমূলে গিয়ে দল ও সরকারের অবস্থান তুলে ধরবেন। এই পদক্ষেপকে ‘ন্যারেটিভ যুদ্ধ’ বলছেন দলটির নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। দলীয় সূত্র জানায়, মাসজুড়ে জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মিছিল, পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার মতো কর্মসূচি পালন করবে বিএনপি। ইতিমধ্যে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
একইসঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’ ইস্যুতে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টার জবাব দিতে তৃণমূলে লিফলেট পাঠানো হচ্ছে। লিফলেটে বলা হয়েছে, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের পরিপন্থী ও প্রতারণামূলক। এছাড়া বিএনপি জুলাই সনদ অনুযায়ী ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পক্ষে এবং সনদটি ‘অক্ষরে অক্ষরে’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
স্থায়ী কমিটির একাধিক সদস্য বলছেন, সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য বিএনপিকে ‘জুলাই সনদবিরোধী’ হিসেবে প্রচার চালাচ্ছে। তাই বিএনপি সরাসরি জনগণের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করতে মাঠে নামছে। যেসব এলাকায় বিরোধী দলগুলোর প্রচার বেশি, সেখানে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা কর্মপরিকল্পনা পালন করা হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারে থাকায় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালন করতে হবে। এজন্য জনগণের কাছে যেতে হবে। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের চেতনা ধারণ করি কিনা, তা প্রধানমন্ত্রীসহ নেতারা বারবার বলেছেন। আমরা সব সনদই ধারণ করি। ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, ৯০-এর গণআন্দোলনের চেতনা ধারণ করি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাও ধারণ করি।’
গত ৯ মে প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে জনগণের কাছে সরকারের পদক্ষেপ তুলে ধরা এবং ভুল তথ্যের জবাব দেওয়ার নির্দেশ দেন। মাসজুড়ে বিভিন্ন কর্মসূচিতে শুধু সরকারের অবস্থান ব্যাখ্যাই নয়, বরং রাজনৈতিকভাবে মাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেও সাংগঠনিক শক্তি বাড়াতে চায় বিএনপি। কারণ সামনেই স্থানীয় সরকার নির্বাচন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন