বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৭ মে) রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (১৮ মে) বগুড়া সদর থানার উপপরিদর্শক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন—কাওছার (১৯), বাধন (১৯) ও রকি (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ছিল। রোববার রাত ৮টায় তিনি শহরের পুলিশ প্লাজার ‘লাক জোন’ দোকানে যান। সেখানে কাওছার, বাধন, সাদিক ও অপর এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা মদ্যপানের পরিকল্পনা করে। রাত সাড়ে ৯টায় শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করা হয়।
রাত ১০টা ১৫ মিনিটে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট রাস্তার পাশে একটি নির্মাণাধীন ভবনে যায় তারা। সেখানে রকি যোগ দেয়। মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা পালাক্রমে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অভিযুক্ত বাধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে ভুক্তভোগী চিৎকার করে স্থানীয়দের সহায়তা চান। এ সময় বাধন পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন